শেরপুরে আবাসিক ভবনে ২৫ হাজার লিটার ডিজেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

Date: 2026-03-27
news-banner

পুলক রায়, শেরপুর:
শেরপুর শহরের একটি আবাসিক ভবনের নিচতলায় বিপুল পরিমাণ ডিজেল মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে অবৈধ ট্যাংক ও মজুদকৃত তেল ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের গোপালবাড়ী এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। অভিযানে মেসার্স শিমলা ট্রেডার্স-এর মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পরিবেশগত অনুমোদন ছাড়াই একটি পাঁচতলা আবাসিক ভবনের নিচতলায় প্রায় ২৫ হাজার লিটার ধারণক্ষমতার ট্যাংক স্থাপন করে ডিজেল মজুদ ও বিক্রি করে আসছিলেন তাপস নন্দী এবং তার সহযোগী শফিকুল ইসলাম হেলাল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ অবৈধ কার্যক্রমের সত্যতা পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, দাহ্য পদার্থ সংরক্ষণ ও বিক্রিতে সরকারি বিধিনিষেধ অমান্য করায় এ জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবনের বাসিন্দাদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে ট্যাংক অপসারণ ও তেল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে তেল অপসারণের কার্যক্রম প্রশাসনের তত্ত্বাবধানে সম্পন্ন হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র যাচাই করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave Your Comments