৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত
Date: 2026-03-27
১৯৭১ সালে ‘অপারেশন সার্চলাইট’ চলাকালে তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক সংঘটিত ভয়াবহ নৃশংসতা ও গণহত্যার বিষয়টি পুনরায় তুলে ধরেছে ভারত। দেশটি জানিয়েছে, পাকিস্তান আজও সেই গণহত্যার অপরাধ অস্বীকার করছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার (২৬ মার্চ) সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, “১৯৭১ সালে অপারেশন সার্চলাইট চলাকালে পাকিস্তান কর্তৃক পরিকল্পিতভাবে লক্ষ লক্ষ নিরীহ বাংলাদেশিকে হত্যা করা হয়েছিল এবং নারীদের বিরুদ্ধে ব্যাপক যৌন অপরাধ সংঘটিত হয়েছিল। ওই বর্বরতার ফলে লাখ লাখ মানুষ জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল।”
তিনি আরও বলেন, “এই নৃশংসতা বিশ্ববাসীর বিবেককে নাড়া দিয়েছিল, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো পাকিস্তান আজও সেই অপরাধ স্বীকার করছে না। আমরা ন্যায়বিচারের জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষাকে সমর্থন করি।”