ফেনীতে ট্রাকের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী বাস দুমড়ে-মুচড়ে, আহত ১৫

Date: 2026-03-27
news-banner

নিজস্ব প্রতিবেদক:

ফেনীর সিলোনিয়া এলাকায় শুক্রবার (২৭ মার্চ) দুপুরে একটি যাত্রীবাহী বাস বালুভর্তি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিদার পরিবহনের বাসটি সিলোনিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের চালক ও হেলপারসহ যাত্রীরা আহত হন। আহতদের মধ্যে চারজন ফেনী শহরের রয়েল হাসপাতালে এবং দু’জন ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকি আহতরা আশপাশের ফার্মেসি ও বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে নোয়াখালীর বাসিন্দা মো. আরিফ (৩৭), তার স্ত্রী মিনু (২৫)সোহাগ (৪৮) রয়েছেন।

রয়েল হাসপাতালের অভ্যর্থনা বিভাগে দায়িত্বরত জান্নাত জানান, হাসপাতালে চারজন আহত চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে একজনের নাম সোহাগ, অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেছেন। আহতদের বেশিরভাগই সামান্য আঘাত পেয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের অতিরিক্ত গতি এই দুর্ঘটনার কারণ। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

Leave Your Comments