একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Date: 2026-03-27
news-banner

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তরের ইতিহাস কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা কারও বিজয় ছিনিয়ে নিতে চাই না, কারও ভূমিকাও কেড়ে নিতে চাই না। তবে সবার আগে একাত্তরকে সম্মান করতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস সমুন্নত রাখতে হবে। এরপর আসবে পঁচাত্তর, ঊনআশি, নব্বই, চব্বিশসহ অন্যান্য ইতিহাস।”

সংবিধানের প্রস্তাবনায় বিভিন্ন সময়কাল একসঙ্গে যুক্ত করার প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, “যারা একাত্তরকে অন্য ইতিহাসের সঙ্গে মিলিয়ে দেখার প্রস্তাব দিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই— একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না। বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন হলো স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম।”

তিনি আরও বলেন, “স্বৈরাচার পতনের জন্য যে আন্দোলন হয়েছে, তা ছিল জনদাবির আন্দোলন। এতে স্বৈরাচারের পতন হয়েছে, তবে রাষ্ট্র নতুন করে গঠিত হয়নি। এই রাষ্ট্র লাখো প্রাণের বিনিময়ে অর্জিত— এর স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।”

গণতন্ত্র প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচার প্রতিষ্ঠিত না হয়, সে লক্ষ্যে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে। আলোচনার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে।”

তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে বলেন, “বাংলাদেশের ইতিহাস হলো স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে গণতন্ত্র রক্ষার সংগ্রামের ইতিহাস। বহুদলীয় রাজনীতি, সংসদীয় গণতন্ত্র ও তত্ত্বাবধায়ক সরকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই ইতিহাসের অংশ।”

তিনি আরও বলেন, “শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিহাস স্বাধীনতা রক্ষা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। আর বেগম খালেদা জিয়ার ইতিহাস স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস।”

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “একাত্তরের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনী যখন গণহত্যা শুরু করে, তখন চট্টগ্রাম থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন— এই ইতিহাস অস্বীকার করা উচিত নয়।”

Leave Your Comments