নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের ডামুড্যায় রাজনৈতিক শত্রুতার জেরে বিএনপির ছয় সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ধানকাঠি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— মালেক খান (৪০), নজরুল সরদার (২২), রমজান সরদার (৩৫), সামছুল সরদার (২৮), আলমগীর সরদার (৩২) ও মহাসিন সরদার (২৯)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাওন ও মালেক খানের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলছিল। প্রতি ঈদে এ বিরোধ সংঘর্ষে রূপ নিত। শুক্রবার সকালে শাওন ও তার সহযোগীরা মীমাংসার বৈঠকের আড়ালে মালেক খানের বাড়িতে ডেকে এনে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে উপস্থিতদের ওপর হামলা চালায়। এতে ছয়জন গুরুতর আহত হন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাস্থলের লাইভ ভিডিও দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।
ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শাওনের বাড়িতে আগুন দেয় এবং রিফাত নামে আরেক ব্যক্তির বাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।