নেপালের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন র্যাপার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) নেতা বালেন্দ্র শাহ। শুক্রবার (২৭ মার্চ) রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে প্রেসিডেন্ট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
তবে শপথ গ্রহণ অনুষ্ঠানের চেয়েও বেশি আলোচনায় এসেছে জাতির উদ্দেশে দেওয়া তার ব্যতিক্রমী ভিডিও বার্তা। প্রচলিত ভাষণের পরিবর্তে বালেন্দ্র শাহ একটি র্যাপ সংগীতের মাধ্যমে দেশবাসীর সামনে তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তার এই ভিন্নধর্মী বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
শপথ অনুষ্ঠানে প্রেসিডেন্ট বালেন্দ্র শাহর পাশাপাশি আরও ১৪ জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান।
চলতি মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। মূলত তরুণ প্রজন্মের ব্যাপক সমর্থন এবং প্রথাগত রাজনীতির বাইরে নতুন কিছু করার প্রতিশ্রুতির মাধ্যমেই তিনি এই সাফল্য পান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেপালের ইতিহাসে একজন সংগীতশিল্পীর প্রধানমন্ত্রী হওয়া এবং র্যাপের মাধ্যমে রাজনৈতিক বার্তা দেওয়া এক অভূতপূর্ব ঘটনা। তার এই নতুন যাত্রা দেশটির রাজনীতিতে কতটা পরিবর্তন আনবে, সেটিই এখন দেখার বিষয়।
উল্লেখ্য, বালেন্দ্র শাহ ২০২২ সালে কাঠমান্ডু সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়ে আলোচনায় আসেন। পরে ২০২৬ সালের জানুয়ারিতে মেয়র পদ থেকে পদত্যাগ করে আরএসপিতে যোগ দিয়ে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন। গত ৫ মার্চের সংসদীয় নির্বাচনে ঝাপা-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে পরাজিত করে বড় জয় অর্জন করেন তিনি।