মোঃ নয়ন ইসলাম, ডিমলা প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় পবিত্র রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে 'সহস্রাধিক কণ্ঠে গীতা পাঠ ও গীতা পাঠ প্রতিযোগিতা' অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকাল ১০টায় দক্ষিণ তিতপাড়া বাবুপাড়া হরি মন্দির প্রাঙ্গণে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, ডিমলা উপজেলা শাখার আয়োজনে এবং দক্ষিণ তিতপাড়া বাবুপাড়া হরি মন্দিরের সকল ভক্তবৃন্দের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ও অতিথিগণ
বিশিষ্ট সমাজসেবক বাবু উৎপল কুমার সিংহ রায়-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, নীলফামারী জেলা শাখার উপদেষ্টা বাবু পরিতোষ চন্দ্র রায়, জেলা শাখার সভাপতি বাবু জুয়েল রায়, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাবু সঞ্জয় সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ডিমলা উপজেলা শাখার আহ্বায়ক বাবু উৎপল কান্তি সিংহ ও সদস্য সচিব বাবু জ্যোতি রঞ্জন রায়।
অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন শ্রীমতি ভারতী রানী সিংহ রায়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ডিমলা উপজেলা শাখার সভাপতি শ্রী অমিতাভ কুমার রায় এবং সাধারন সম্পাদক শ্রী বিকাশ রায়।
দিনব্যাপী এই আয়োজনে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সহস্রাধিক ভক্ত সমবেত কণ্ঠে গীতা পাঠ করেন। এছাড়া বিভিন্ন বয়সী প্রতিযোগীদের নিয়ে গীতাপাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে ধর্মীয় উদ্দীপনা ও ভক্তির সৃষ্টি করে।
অনুষ্ঠানটি সফল করতে নিরলস পরিশ্রম করেন শ্রী বিকাশ চন্দ্র রায়, শ্রী প্রিয়াঙ্কা সেন, শ্রী বিপ্লব চন্দ্র রায়, শ্রী মৃন্ময় মৈত্র এবং শ্রী সুমন কুমার রায়সহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, এ ধরণের আয়োজন নতুন প্রজন্মের মাঝে গীতার আদর্শ ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও প্রসাদ বিতরণ করা হয়।