বোদায় মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

Date: 2026-03-27
news-banner

মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদক সেবনের অপরাধে তিনজনকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ময়দানদিঘী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহেল রানা।

পুলিশ সূত্রে জানা যায়, বোদা থানার ওসি সোয়েল রানার নেতৃত্বে এসআই তহিদুল ইসলাম ও এসআই খোরশেদসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ময়দানদিঘী বাজারের একটি পরিত্যক্ত ওয়ালটন শোরুমে অভিযান চালায়। এ সময় মাদক সেবনের সরঞ্জামসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— উপজেলার ময়দানদিঘী গ্রামের মনতাজ আলীর ছেলে হকিকুল ইসলাম (৩৫), তছির উদ্দীনের ছেলে ফারুক ইসলাম (৩৫) এবং হরিপুর প্রধানপাড়া গ্রামের কাজিম উদ্দীনের ছেলে নয়ন ইসলাম (২৫)।

ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

বোদা থানার ওসি সোয়েল রানা জানান, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। গত ২০ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ৭ দিনের অভিযানে ৬টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং ৫ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সর্বোচ্চ ১ বছর পর্যন্ত সাজা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। এ বিষয়ে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছি।”

Leave Your Comments