স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বর্তমান পোশাকে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা পুরোপুরি সন্তুষ্ট নন। তাই আগের ঐতিহ্যমণ্ডিত যেকোনো একটি পোশাক পুনরায় চালুর বিষয়ে সরকার কাজ করে যাচ্ছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ হবে জনগণের বন্ধু।” তিনি আরও বলেন, পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক, সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।
তিনি জানান, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের অংশ হিসেবে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের মাধ্যমে পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত রাখা হবে এবং জনগণের কাছে আরও কার্যকর সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের মোট ৭২ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালনে যোগ দিতে যাচ্ছেন।
সমাপনী কুচকাওয়াজে পুলিশ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।