পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়ামকে নিয়ে বিতর্কিত মন্তব্য: চরম বিপদে নাসিম শাহ

Date: 2026-03-28
news-banner

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিতর্কিত মন্তব্যের কারণে চরম বিপদে পড়েছেন তারকা পেসার নাসিম শাহ। কেন্দ্রীয় চুক্তিভুক্ত এই ক্রিকেটারকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, নাসিম শাহর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট ভাইরাল হয়েছিল। সেখানে তিনি পিসিবি চেয়ারম্যানের সঙ্গে মারিয়াম নওয়াজের একটি ছবির ব্যাখ্যা দিয়ে লিখেছিলেন, “লর্ডসে তার সঙ্গে রানির মতো আচরণ করা হচ্ছে কেন?”। পোস্টটি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে বিপুল আলোচনার জন্ম দেয় এবং ক্রিকেট ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

পরবর্তীতে নাসিম শাহ দাবি করেন, এটি তার ব্যক্তিগত পোস্ট নয় এবং তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তিনি বলেন, “নাসিমের এই অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক হয়েছিল, তবে এখন সফলভাবে পুনরুদ্ধার করা হয়েছে।”

তবে এই ব্যাখ্যা সত্ত্বেও পিসিবি নাসিমকে কেন্দ্রীয় চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

পিসিবির বিবৃতিতে বলা হয়েছে:

“রাওয়ালপিন্ডি দলের ফাস্ট বোলার ও জাতীয় ক্রিকেটার নাসিম শাহকে কেন্দ্রীয় চুক্তির শর্তাবলি এবং মিডিয়া নীতি ও বিধিমালা লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাকে জবাব দিতে হবে। তার জবাব পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।”

Leave Your Comments