৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম

Date: 2026-03-28
news-banner

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি করা হয়েছে। মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফায় দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (২৮ মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ দাম বিকেল থেকেই কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে একই দিন সকাল ১০টায়ও স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা। অর্থাৎ একদিনেই দুই দফা দাম বাড়ানো হলো।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৪৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৮ বার দাম বাড়ানো হয়েছে এবং ২১ বার কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল।

এদিকে, স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাবেই দেশের বাজারে বারবার দামের এই পরিবর্তন দেখা যাচ্ছে।

Leave Your Comments