চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়লেন এক পুলিশ সদস্য

Date: 2026-03-28
news-banner

নিজস্ব প্রতিবেদক:

পাবনার চাটমোহর উপজেলায় চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে সোহেল রানা (৪০) নামে এক রেলওয়ে জিআরপি (Government Railway Police) সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে চাটমোহর রেল স্টেশনের ২ নম্বর লাইন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

আহত সোহেল রানা দিনাজপুর জেলার বিরল উপজেলার নেরাবাড়ি গ্রামের মৃত হাসান আলীর ছেলে বলে জানা গেছে।

সূত্র জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিরতিহীন আন্তঃনগর ‘একতা এক্সপ্রেস’ ট্রেনটি ক্রসিংয়ের কারণে মূলাডুলি স্টেশনে কিছু সময়ের জন্য থামে। এসময় ট্রেনে অতিরিক্ত ভিড় থাকায় সোহেল রানা, আরেক পুলিশ সদস্য ও একজন টিটিই (ট্রাভেলিং টিকিট এক্সামিনার) ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে পায়চারি করছিলেন।

হঠাৎ সিগন্যাল পেয়ে ট্রেনটি ছেড়ে দিলে অন্য দুইজন কোনোমতে ট্রেনে উঠতে পারলেও সোহেল রানা উঠতে ব্যর্থ হন। পরে তিনি ট্রেনের হ্যান্ডেলে ঝুলে প্রায় ৪০ কিলোমিটার পথ অতিক্রম করেন।

চাটমোহর স্টেশন অতিক্রম করার সময় ভারসাম্য হারিয়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে যান তিনি। অল্পের জন্য ট্রেনের চাকার নিচে পড়া থেকে রক্ষা পান।

দুর্ঘটনায় সোহেল রানার মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ সদস্যরা এসে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যান।

ঘটনাস্থলে উপস্থিত মুসাব্বির হক রাসেল নামের এক যুবক ট্রেনের ভিডিও ধারণ করার সময় পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, আহত ব্যক্তি ট্রেনে দায়িত্ব পালনরত ছিলেন। দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নেওয়া হয় এবং পরে রেলওয়ে পুলিশ সদস্যরা তাকে নিজেদের তত্ত্বাবধানে নিয়ে যান।

Leave Your Comments