কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন। শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের আগে খুতবায় তিনি এসব কথা বলেন।
খুতবায় আমির হামজা দাবি করেন, প্রতিমন্ত্রী টুকু “নাস্তিক ও ইসলাম বিদ্বেষী”। তিনি বলেন, সম্প্রতি প্রতিমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে তার এমন মন্তব্য। হামজা প্রশ্ন তোলেন, “মুক্তিযুদ্ধ কি ধর্ম প্রতিষ্ঠার জন্য হয়নি?”—এবং এ বিষয়ে মুক্তিযোদ্ধাদের মতামত নেওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি আরও বলেন, দেশের জ্বালানি খাতে নানা সমস্যার কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। তেল সরবরাহ সংকটের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, অনেক জায়গায় প্রয়োজনীয় জ্বালানি পাওয়া যাচ্ছে না, যার প্রভাব পড়ছে হাসপাতালসহ জরুরি সেবায়।
আমির হামজা বলেন, “যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব দেওয়া হলে এমন পরিস্থিতি তৈরি হতো না।” তিনি সংশ্লিষ্ট খাতে দক্ষ ও দায়িত্বশীল ব্যক্তিদের নিয়োগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।