কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মাদরাসায় যাওয়ার পথে ১৬ বছর বয়সী এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে ভুয়া সাংবাদিক পরিচয়ধারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার নিউটাউন এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন—পৌর শহরের গাছতলাঘাট এলাকার বাসিন্দা মো. জসিম মিয়া (৪৮) ও তার সহযোগী মো. রনি মিয়া (৩২)। স্থানীয়দের অভিযোগ, জসিম মিয়া দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক ও রাজনৈতিক কর্মী পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন।
ভুক্তভোগী ছাত্রীর বাবা মো. হারুনুর রশীদের লিখিত অভিযোগে জানা যায়, জসিম মিয়া দীর্ঘদিন ধরে তার মেয়েকে মাদরাসায় যাতায়াতের পথে উত্ত্যক্ত করছিলেন। শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে নিউটাউন এলাকার ‘ভাই ভাই ভিলা’র সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা জোরপূর্বক তাকে একটি অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করে।
এসময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তদের হাতেনাতে আটক করে এবং পুলিশে সোপর্দ করে।
ছাত্রীর বাবা জানান, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার এক নারীর সঙ্গে একটি মামলাকে কেন্দ্র করে জসিম মিয়া তার সঙ্গে যোগাযোগ করে নিজেকে সাংবাদিক পরিচয় দেন। পরে তিনি ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে নিয়মিত হুমকি ও হয়রানি শুরু করেন।
শনিবার সকালে এক রাজনৈতিক নেতার নাম ভাঙিয়ে জসিম বাবা-মেয়েকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেন এবং টাকা না দিলে এলাকায় থাকতে দেবেন না বলেও হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, অভিযুক্ত জসিমের বিরুদ্ধে সাংবাদিক ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে নানা অপকর্মের অভিযোগ রয়েছে। আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।