যুদ্ধ পরিস্থিতির কারণে সারাবিশ্বে অস্থিরতার মধ্যে সরকার প্রায় ২শ’ কোটি টাকা ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের বাজারকে স্থিতিশীল রাখতে চেষ্টা করছে। যারা জ্বালানি তেল মজুত করছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় অভিযান চালানো হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তেল সরবরাহে কোনো সংকট নেই।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ঈদের ছুটির পর দ্বিতীয়বারের মতো সরকারি দলের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় সংসদ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী জ্বালানি তেলের চোরাচালান রোধ এবং দাম স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, ঈদযাত্রায় দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া, সভায় স্পিকারের স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।
চিফ হুইপ জানান, আগামীকালও সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে। তবে আজকের বৈঠকে ১৩৩ অধ্যাদেশ বিষয়ে আলোচনা হয়নি।