মাটির নিচে বিশেষভাবে নির্মিত ট্যাংক থেকে ২৩ হাজার লিটার জ্বালানি জব্দ

Date: 2026-03-28
news-banner

ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় অবস্থিত মেসার্স পপি ট্রেডার্স পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে। অভিযান থেকে মোট ২৩ হাজার লিটার তেল উদ্ধার করা হয়, যার মধ্যে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল এবং সাড়ে ১৯ হাজার লিটার ডিজেল রয়েছে।

অভিযানে দেখা যায়, পাম্প মালিকের বাসার মাটির নিচে বিশেষভাবে নির্মিত দুটি ট্যাংকে তেল গোপনে মজুদ করা হয়েছিল। এছাড়া দুটি গাড়িতেও তেল সংরক্ষণ করা হয়েছিল। প্রশাসন মনে করছে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে এই তেল মজুদ করা হচ্ছিল এবং দাম বৃদ্ধি করে বেশি মুনাফার লক্ষ্যেই এটি করা হয়েছিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের পর পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা তেল নিয়ম অনুযায়ী পাম্পের মাধ্যমে সাধারণ জনগণের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা, সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম ও ফুলপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, “গত দেড় থেকে দুই মাস ধরে এসব জ্বালানি গোপনে মজুদ করা হচ্ছিল। দাম বৃদ্ধি পাওয়ার সুযোগে বেশি মুনাফার উদ্দেশ্যেই মালিক এটি জমা করেছিলেন।” তিনি আরও জানান, জ্বালানি তেল মজুদ ও বাজারে অস্থিরতা রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। এর আগে শুক্রবার রাতেও হালুয়াঘাট উপজেলায় পৃথক অভিযানে ২৩০ লিটার জ্বালানি জব্দ করা হয়েছিল।

Leave Your Comments