মানিকগঞ্জে মস্তকহীন মরদেহের পরিচয় শনাক্ত, গ্রেপ্তার ৩

Date: 2026-03-28
news-banner

মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের কালিগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া মস্তকহীন মরদেহের রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তি মো. রফিক মিয়া (২৮), ঘিওর উপজেলার রাথুরিয়া (বানিয়াজুড়ি) গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে এবং পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। তিনি মঙ্গলবার (২৪ মার্চ) সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ মার্চ) মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন নিহতের ভাই মো. আরিফ মিয়া

পিবিআই তথ্যপ্রযুক্তির সহায়তায় আঙুলের ছাপ ব্যবহার করে রফিকের পরিচয় শনাক্ত করে। পরে ঢাকার ধামরাইয়ের কালামপুর বাজার থেকে সন্দেহভাজন রিপন মিয়া (৩০) আটক করা হয়। তার তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া অটোরিকশাটি। এরপর পৃথক অভিযানে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আরও দুই সহযোগী আরমান হোসেন (২০)সজিব (২৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা মানিকগঞ্জ সদর ও ঘিওর এলাকার বাসিন্দা।

পিবিআই জানায়, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিককে হত্যার কথা স্বীকার করেছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় কালিগঙ্গা নদীতে দীর্ঘ উদ্ধার অভিযান চালানো হয়েছে, তবে এখন পর্যন্ত মৃতের মস্তক উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, “মস্তকহীন মরদেহের পরিচয় শনাক্ত করা চ্যালেঞ্জিং ছিল, কিন্তু আমাদের টিম আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত তা করতে সক্ষম হয়েছে। হত্যাকাণ্ডের মূল কারণ ও আলামত সংগ্রহের কাজ চলছে। আসামিদের আদালতে সোপর্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave Your Comments