মোঃ আতিকুর রহমান, ক্রাইম রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় ধসে বালুচাপায় লেয়াকত আলী (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (২৯ মার্চ) ভোরে উপজেলার ঘাগড়া পাকা সড়কের মাথায় যাদুকাটা নদীর তীরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। ঘটনার দিন ভোরে কয়েকজন শ্রমিক নদীর পাড় কেটে বালু উত্তোলনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করেই নদীর পাড় ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই সিরাজপুর গ্রামের বাসিন্দা লেয়াকত আলী বালুচাপা পড়ে মারা যান।
দুর্ঘটনার সময় তার সঙ্গে থাকা আরও একজন শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলনের কারণে নদীর পাড় অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এ ধরনের কার্যক্রম চালানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।