গ্রীসগামী নৌকায় মৃত্যুর মিছিল: সুনামগঞ্জের ১০ যুবকসহ নিহত ২২, সাগরে ভাসল লাশ

Date: 2026-03-29
news-banner

মোঃ আতিকুর রহমান, ক্রাইম রিপোর্টার: 

ভাগ্য পরিবর্তনের আশায় লিবিয়া থেকে নৌকায় করে গ্রীসে যাওয়ার পথে পথ হারিয়ে সাগরে ভাসতে ভাসতে সুনামগঞ্জের ১০ যুবকসহ অন্তত ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার কারণে খাবার ও পানির সংকটে একে একে তাদের মৃত্যু ঘটে বলে জানা গেছে।
একাধিক সূত্র জানায়, উন্নত জীবনের স্বপ্ন নিয়ে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে পাড়ি জমাতে লিবিয়া থেকে একটি ছোট নৌকায় যাত্রা শুরু করেন তারা। কিন্তু মাঝপথে নৌকাটি দিক হারিয়ে ফেলে এবং টানা কয়েকদিন সাগরে ভাসতে থাকে। 

এ সময় নৌকায় থাকা যাত্রীদের কাছে থাকা খাবার ও পানীয় ফুরিয়ে গেলে চরম মানবিক বিপর্যয় দেখা দেয়।
খাবার ও পানির অভাবে দুর্বল হয়ে একে একে ২২ জন মারা যান। তাদের মধ্যে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ১০ জন যুবক রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, জগন্নাথপুর উপজেলার ৫ জন, দিরাই উপজেলার ৪ জন এবং দোয়ারাবাজার উপজেলার ১ জন রয়েছেন। 

মৃত্যুর পর মরদেহগুলো দুই দিন নৌকায় রাখা হলেও পরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় সেগুলো সাগরে ফেলে দিতে বাধ্য হন জীবিতরা। ফলে নিহতদের স্বজনরা প্রিয়জনের লাশ পর্যন্ত ফিরে পাবেন না।

জানা গেছে, নিহতদের বেশিরভাগই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। একই সঙ্গে অবৈধভাবে বিদেশগমন রোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন,দালালচক্রের প্রলোভনে পড়ে এ ধরনের ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে যাত্রা দিন দিন বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা এ ধরনের মানবপাচার চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিরাপদ অভিবাসনের পথ সহজ করার আহ্বান জানিয়েছেন।
এই মর্মান্তিক ঘটনা আবারও প্রমাণ করে, জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশ যাত্রা কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের দুর্ঘটনা রোধে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।

Leave Your Comments