মোঃ আদম আলী, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুলিশের বিশেষ অভিযানে খুন, ডাকাতি ও আগ্নেয়াস্ত্রসহ ১১টি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ও চিহ্নিত ভূমিদস্যু রিপন হোসেন (৩২) গ্রেফতার হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই মোঃ দেলোয়ার হোসেন, এসআই লেলিন বিশ্বাস, এসআই তন্ময় সাহা, এসআই আদনান বীন আজাদ ও এসআই মোঃ আহসান হাবীনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়। র্যাব-৬, যশোর-এর সহযোগিতায় যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রিপন হোসেন দেবহাটা উপজেলার নোড়ারচক এলাকার বাসিন্দা এবং তিনি আবুল হোসেন গাজীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে পলাতক ছিলেন বলে জানা গেছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারের পর ২৯ মার্চ ২০২৬ তারিখে তাকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়দের মতে, তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।