একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেতা, নাট্যকার, পরিচালক আবুল হায়াতের সঙ্গে ধারাবাহিক নাটকে কাজ করে উচ্ছ্বসিত অভিনেত্রী নিঝুম রুবিনা। আবুল হায়াত জানান, কিছুদিনের বিরতির পর আবারো কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকের নাম ‘ফ্যামিলি ডিসটেন্স’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। এরই মধ্যে নাটকটির শুটিং শুরু হয়েছে রাজধানীর উত্তরার একটি হাউজে। নাটকে আবুল হায়াতের মেয়ের চরিত্রে অভিনয় করছেন নিঝুম রুবিনা। গুণী অভিনেতা আবুল হায়াত গত রবি ও সোমবার নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন। অন্যদিকে নিঝুম রুবিনা তিনদিন ধরে একটানা শুটিং করছেন এ নাটকের জন্য। আবুল হায়াত বলেন, ‘এখন তো আসলে নাটকে নিয়মিত কাজ করা হয় না। আবার নাটকে আমাদের মতো সিনিয়র শিল্পীদের কাজ করার সুযোগও কম থাকে। তার পরও অনেকেই ভীষণ আগ্রহ নিয়ে নাটকের গল্পে আমাদের চরিত্র সৃষ্টি করে নাটক নির্মাণ করতে চায়। হাসান জাহাঙ্গীরের মধ্যে সে আগ্রহটা লক্ষ করেছি। বলা যায় এ নাটকের গল্প আমার চরিত্রকে কেন্দ্র করেই। যে কারণে আসলে অনেক গরমের মধ্যেও কাজটি বেশ আগ্রহ নিয়ে করছি। এতে আমার বড় মেয়ের চরিত্রে অভিনয় করছে নিঝুম রুবিনা। হাসান জাহাঙ্গীর বেশ শ্রম দিয়ে যত্ন করে নাটকটি নির্মাণের চেষ্টা করছে। দেখা যাক, এটি প্রচারে এলে হয়তো দর্শকের ভালো লাগবে।’ এ নাটক নিয়ে নিঝুম রুবিনা বলেন, ‘আমার পরম সৌভাগ্য যে আমি আবুল হায়াত স্যারের সঙ্গে নাটকে অভিনয় করার সুযোগ পেয়েছি। তিনি এ দেশের একজন অন্যতম কিংবদন্তি অভিনেতা। তার সান্নিধ্যে কাজ করতে পেরেছি, এটা জীবনের অনেক বড় প্রাপ্তি। তিনি আমাকে শুটিংয়ে মেয়ের মতোই স্নেহ করলেন, কীভাবে ক্যামেরার সামনে অভিনয় করতে হবে, সংলাপ বলতে হবে বেশ ভালোভাবে বুঝিয়ে দিলেন। নাটকে আমার চরিত্রের নাম নিঝুম। এবারই প্রথম আমি ধারাবাহিক নাটকে অভিনয় করছি।’