ভারত থেকে আরও ৭ হাজার টন ডিজেল আসা শুরু

Date: 2026-03-29
news-banner

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। এর অংশ হিসেবে শনিবার (২৮ মার্চ) প্রায় ৭ হাজার মেট্রিক টন ডিজেলের একটি নতুন চালান বাংলাদেশে আসা শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন্স) কাজী মো. রবিউল আলম। তিনি জানান, আগামী ৩১ মার্চের মধ্যে এই চালানের পুরো সরবরাহ সম্পন্ন হবে।

এর আগে শুক্রবার (২৭ মার্চ) বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে প্রায় ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছায়। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সেদিন ছুটির দিনেও ডিপো খোলা রাখা হয়।

জানা যায়, গত ২৪ মার্চ ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে ডিজেল সরবরাহ শুরু হয়। প্রায় ৬০ ঘণ্টা পর শুক্রবার সকাল ৬টার দিকে এসব তেল রিসিপ্ট টার্মিনালে পৌঁছে। সাধারণত পাইপলাইনে তেল আসতে ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় লাগে।

চলতি বছরে ইতোমধ্যে তিন ধাপে মোট ১৫ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে আমদানি করা হয়েছে।

উল্লেখ্য, উত্তরাঞ্চলের জেলাগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পার্বতীপুর রেলহেড তেল ডিপোতে সরাসরি পাইপলাইনের মাধ্যমে ডিজেল আনা হয়। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর এ প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয় এবং ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ পাইপলাইন স্থাপনের কাজ শুরু হয়।

পরবর্তীতে ২০২৩ সালের ১৮ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে পাইপলাইনে জ্বালানি আমদানি শুরু হয়। দুই দেশের চুক্তি অনুযায়ী, আগামী ১৫ বছর ভারত থেকে বছরে ২ থেকে ৩ লাখ টন ডিজেল আমদানি করা যাবে। প্রয়োজনে ভবিষ্যতে এ পরিমাণ আরও বাড়ানো সম্ভব।

এর আগে খুলনা ও চট্টগ্রাম থেকে রেল ওয়াগনের মাধ্যমে উত্তরাঞ্চলে তেল পৌঁছাতে ৬ থেকে ৭ দিন সময় লাগত। পাইপলাইন চালুর ফলে এখন দ্রুত ও সহজে জ্বালানি সরবরাহ নিশ্চিত হচ্ছে।

Leave Your Comments