ইরানের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় অন্তত ৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। ফার্স বার্তা সংস্থার বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হরমোজগান-এর খামির বন্দর শহরের একটি পিয়ারে যৌথ হামলায় অন্তত ৫ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। হামলায় দুটি জাহাজ ও একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে শাফত শহরের কাছে একটি গ্রামের আবাসিক এলাকায় আরও ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন বলে মেহের বার্তা সংস্থা জানিয়েছে।
তেহরান শহরে বড় ধরনের বিস্ফোরণের ঘণ্টার মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী নতুন হামলার দাবি করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, এই হামলায় অস্ত্র সংরক্ষণাগার, উৎপাদন কেন্দ্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তু হয়েছে।
ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) পাল্টা আক্রমণের দাবি করেছে। তারা সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের দুটি অ্যালুমিনিয়াম কারখানায় হামলা চালিয়েছে। এ হামলায় এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম-এর আবুধাবির স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৬ কর্মী আহত হয়েছেন। এছাড়া অ্যালুমিনিয়াম বাহরাইন-এর কারখানায় ২ কর্মী সামান্য আহত হয়েছেন।
বিশ্লেষকদের মতে, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলো জড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে।
TAG/ভাইরাল হ্যাশট্যাগ: