বগুড়ার গাবতলী উপজেলায় সেচ পাম্প ঘরের পাশ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের সালমারা বিলের চরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মো. আব্দুল লতিফ আকন্দ (৬৫)। তিনি নিশিন্দারা পাচমাইল এলাকার মৃত মোবারক আকন্দের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আব্দুল লতিফ আকন্দ নিজের শ্যালো মেশিনের ঘরে অবস্থান করে জমিতে সেচের কাজ করতেন। শনিবার (২৮ মার্চ) রাতে সেচ দেয়ার জন্য তিনি ওই ঘরেই ছিলেন।
পুলিশ জানায়, রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে যায়। রোববার সকালে স্থানীয়রা শ্যালো মেশিনের ঘরের পাশেই তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের ভাতিজা সোহেল জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, তার চাচার মরদেহ ধানের ক্ষেতে পড়ে আছে। শ্যালো মেশিনের ঘর ভাঙা ছিল, ধারণা করা হচ্ছে রাতে সেখানে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।
পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।