মোঃ মহাসিন, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ ওলিউল ইসলাম (৩৫) নামে এক ঘের ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডা. মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত একটি বিলে শহীদ মোল্লার মৎস্য ঘেরে যাওয়ার সময় ভেড়ি বাঁধের ওপর দিয়ে হাঁটার সময় মোটরের একটি ছেঁড়া বৈদ্যুতিক তারে পা লাগে ওলিউল ইসলামের। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওলিউল ইসলাম গণপতি গ্রামের শেখ আমিনুর রহমানের ছেলে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।