ট্যাংকলরি শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

Date: 2026-03-29
news-banner

তেল পরিবহনের কাজে নিয়োজিত ট্যাংকলরি চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা করার প্রতিবাদে রংপুর বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। রোববার (২৯ মার্চ) সকাল থেকে এ কর্মসূচি পালন করছে তারা।

কর্মবিরতির কারণে উত্তরের বিভিন্ন জেলায় জ্বালানি তেল সরবরাহ কার্যত বন্ধ হয়ে গেছে। বিশেষ করে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে তেল সরবরাহসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। এ কর্মসূচির সঙ্গে পেট্রোল পাম্প মালিকরাও একাত্মতা প্রকাশ করেছেন।

শ্রমিকদের দাবি, নীলফামারীর পথে তেল পরিবহনের সময় একটি লরির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি মেরামতের জন্য সড়কের পাশে দাঁড় করানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লরির কেবিনে থাকা জ্বালানি তেলকে অবৈধ বলে অভিযোগ এনে চালক শ্রী কৃষ্ণচন্দ্র, একরামুল হক ও সহকারী রিফাতকে ৬ মাসের কারাদণ্ড এবং মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। শ্রমিক নেতাদের অভিযোগ, সড়ক-মহাসড়কে হয়রানি ও অযৌক্তিকভাবে চালক-হেলপারদের জেল-জরিমানা করার প্রতিবাদেই তারা এ কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।

রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান বলেন, অবিলম্বে দণ্ডিত শ্রমিকদের নিঃশর্ত মুক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তার অপসারণ না হলে কর্মসূচি চলবে।

এদিকে, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম জানান, ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর করা হবে।

Leave Your Comments