বিদ্যুৎ খাতে বড় পরিবর্তন, প্রিপেইড মিটারের ফি বাতিল | BARTA BICHITRA

Date: 2026-03-29
news-banner

সরকার প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা রক্ষণাবেক্ষণ চার্জ পুরোপুরি বাতিল করেছে। রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, “প্রিপেইড মিটারে বাড়তি চার্জ আদায়ের কারণে সাধারণ গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল। আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি এবং গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে এই চার্জ ব্যবস্থা পুরোপুরি তুলে দিচ্ছি।”

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীরা প্রতি মাসে রিচার্জের সময় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে দিচ্ছেন। বহু গ্রাহক বছরের পর বছর এই চার্জ পরিশোধ করে আসছেন এবং প্রশ্ন তুলছেন, মিটারের প্রকৃত দাম অনেক আগেই মিটিয়ে দেওয়া হলেও কেন বাড়তি টাকা নেওয়া হচ্ছে।

বিদ্যুৎ মন্ত্রণালয় জানায়, পূর্বের সময়ে মিটার কেনার ক্ষেত্রে অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে এই বোঝা সাধারণ গ্রাহকের ঘাড়ে চাপানো হয়েছিল। বর্তমান সরকার গ্রাহকের অর্থ সাশ্রয় এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ।

এ সিদ্ধান্তের ফলে দেশে লক্ষাধিক প্রিপেইড মিটার গ্রাহক আর মাসিক অতিরিক্ত চার্জ দিতে বাধ্য হবেন না, যা অনেকের জন্য সরাসরি আর্থিক স্বস্তি নিশ্চিত করবে।

Leave Your Comments