৫ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

Date: 2026-03-30
news-banner

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে ৫টিতে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

ঘোষিত প্রার্থীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব রয়েছেন। এছাড়া কুমিল্লা সিটি করপোরেশনে অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনে অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল এবং রাজশাহী সিটি করপোরেশনে মো. মোবাশ্বের আলী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী এপ্রিলের মধ্যেই বাকি ৭টি সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে পাঁচ দফা দাবি তুলে ধরে দলটি।

দাবিগুলোর মধ্যে রয়েছে— আগামী ৬ মাসের মধ্যে সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা, উপজেলা থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত প্রশাসক নিয়োগ বন্ধ রাখা, প্রশাসকের পদে থাকা ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা, সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা এবং দলীয় প্রতীক ছাড়া সংস্কারকৃত অধ্যাদেশ অনুযায়ী নির্বাচন আয়োজন করা।

নাহিদ ইসলাম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা সম্ভব। এ লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে বাকি সিটি করপোরেশনসহ অন্যান্য নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

তিনি আরও অভিযোগ করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে বিএনপি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে তিনি বলেন, “রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের একটি সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু তা নষ্ট করে দেওয়া হয়েছে।”

এক প্রশ্নের জবাবে তিনি জানান, এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে ভবিষ্যতে জোটগতভাবে নির্বাচন করবে কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কি না, তা নিয়েও তিনি শঙ্কা প্রকাশ করেন।

এ সময় দলের সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে দলীয় প্রশাসকদের নির্বাচন থেকে দূরে রাখতে হবে এবং কোনো ধরনের কারচুপি বরদাশত করা হবে না।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি অভিযোগ করেন, প্রশাসক নিয়োগের মাধ্যমে বিএনপি ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকিস্বরূপ।

সংবাদ সম্মেলনে এনসিপির মনোনীত পাঁচ মেয়র প্রার্থী ছাড়াও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Leave Your Comments