মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে দেশের বাজারে স্বর্ণের দামে চরম অস্থিরতা দেখা দিয়েছে। কয়েক দফা কমার পর সর্বশেষ সমন্বয়ে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (৩০ মার্চ) থেকে নির্ধারিত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, ২৮ মার্চ মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়। প্রথম দফায় ভরিতে ২ হাজার ১৫৭ টাকা এবং দ্বিতীয় দফায় ৪ হাজার ৪৩৩ টাকা বৃদ্ধি করা হয়।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। শনিবার বিকেল ৪টা থেকে এ নতুন দাম কার্যকর হয়।
নতুন দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ভরি প্রতি ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকায় বিক্রি হচ্ছে।
চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম মোট ৪৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৮ বার দাম বাড়ানো হয়েছে এবং ২১ বার কমানো হয়েছে। ২০২৫ সালে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস পায়।
অন্যদিকে, স্বর্ণের দামে পরিবর্তন এলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বিক্রি হচ্ছে।
চলতি বছরে রুপার দাম ২৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৬ বার দাম বেড়েছে এবং ১৩ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার; এর মধ্যে ১০ বার বৃদ্ধি এবং ৩ বার হ্রাস পায়।