পারমাণবিক অস্ত্র না ছাড়লে ইরান নামে দেশই থাকবে না: ট্রাম্প

Date: 2026-03-30
news-banner

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও কঠোরভাবে তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ না করলে ইরানের অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে যুদ্ধ, কূটনীতি ও সম্ভাব্য সমঝোতা নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এই রিপাবলিকান নেতা।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা অব্যাহত রাখে, তাহলে দেশটি “টিকেই থাকবে না”। তিনি দাবি করেন, ইরান বর্তমানে বিপর্যস্ত অবস্থায় রয়েছে এবং শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি ছেড়ে দিতে হবে।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে টোল আরোপের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, এমন কিছু হলে যুক্তরাষ্ট্র খুব দ্রুত তা বন্ধ করতে সক্ষম। তিনি দাবি করেন, “আমরা দুই মিনিটের মধ্যেই এটি বন্ধ করে দিতে পারি।”

ট্রাম্প আরও বলেন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইরানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।

স্থলবাহিনী মোতায়েনের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, তার হাতে “অনেক অপশন” রয়েছে এবং পরিস্থিতির অগ্রগতি প্রত্যাশার চেয়েও দ্রুত। তবে একই সঙ্গে তিনি জানান, ইরানের সঙ্গে একটি চুক্তি “শিগগিরই” সম্ভব হতে পারে।

ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র মোজতবা খামেনির অবস্থা নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, তিনি হয়তো জীবিত আছেন, তবে গুরুতর আহত হতে পারেন।

এছাড়া ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে সরাসরি ও পরোক্ষ আলোচনা “খুব ভালোভাবে” এগোচ্ছে এবং তেহরানে ইতোমধ্যেই সরকার পরিবর্তন ঘটেছে। তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের বেশিরভাগ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে এবং আরও কিছু বিষয়ে আলোচনা চলবে।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ইরানের নতুন কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং দিনটি “গুরুত্বপূর্ণ” ছিল। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান হরমুজ প্রণালি দিয়ে ২০টি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের প্রতি সম্মানের বহিঃপ্রকাশ।

সবশেষে ট্রাম্প বলেন, আলোচনা ইতিবাচকভাবে এগোলেও পরিস্থিতি অনিশ্চিত রয়ে গেছে। “আমার মনে হয় আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারবো, আমি বেশ নিশ্চিত। তবে না-ও হতে পারে,”—যোগ করেন তিনি।

Leave Your Comments