ভেজা শরীরে মোবাইল চার্জ, মুহূর্তেই নিভে গেল সিফাতের জীবন

Date: 2026-03-30
news-banner

পুলক রায়,শেরপুরঃ

শেরপুরের নালিতাবাড়ীতে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহারিয়ার সিফাত (১৬) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পৌরসভার গড়কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিফাত ওই এলাকার মাহফুজুর রহমানের ছেলে। তিনি পবিত্র কোরআনের একজন হাফেজ ছিলেন বলে পরিবার জানিয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে গোসল শেষে ভেজা শরীরে ঘরে প্রবেশ করে সিফাত তার ব্যবহৃত মোবাইল ফোনটি চার্জ দিতে যান। এ সময় চার্জারের সংযোগে হঠাৎ শর্ট সার্কিট ঘটে এবং তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘরের ভেতর থেকে বিকট শব্দ শুনে তার মা শাহনাজ বেগম দ্রুত ছুটে গিয়ে ছেলেকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই সারোয়ার জাহান জানান, একইদিন রাত ৯টার দিকে উত্তর রানীগাঁওয়ে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ ব্যবহারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

Leave Your Comments