জাদুকাটা নদীতে ভাসলো কৃষকের ক্ষতবিক্ষত লাশ: নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্য

Date: 2026-03-30
news-banner

মোঃ আতিকুর রহমান, ক্রাইম রিপোর্টার:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক কৃষককে কুপিয়ে হত্যার পর তার নগ্ন ও ক্ষতবিক্ষত লাশ সীমান্তবর্তী জাদুকাটা নদীতে ভাসিয়ে দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ডে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

নিহত কৃষকের নাম আজগর আলী (৫৫)। তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের মৃত ইসমাইলের ছেলে। জীবিকা নির্বাহের জন্য তিনি কৃষিকাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে তাহিরপুর উপজেলার বিন্নাকুলি গ্রামের আব্দুল হকের বাড়ির পশ্চিম পাশে জাদুকাটা নদীর তীরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের ছেলে সৈয়দ ওরফে শহীদ জানান, রবিবার রাত আনুমানিক ১০টার দিকে তার বাবা ও মা মিয়ারচর কবরস্থান সংলগ্ন একটি দোকানে চা পান করেন। পরে তার মা বাড়িতে ফিরে এলেও তার বাবা আর ফেরেননি। 

রাতভর খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে নদীর তীরে তার বাবার লাশ পড়ে থাকার খবর পান তারা।
তিনি অভিযোগ করে বলেন, “আমার বাবা একজন নিরীহ কৃষক ছিলেন। আমরা অত্যন্ত দরিদ্র পরিবার। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে বাম হাতে গভীর ক্ষত এবং মাথায় ছিদ্রসহ কুপিয়ে জখম করার আলামত পাওয়া গেছে, যা হত্যাকাণ্ডের নির্মমতা স্পষ্ট করে।

তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে।”

স্থানীয়দের ধারণা, পূর্ব শত্রুতা বা ব্যক্তিগত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

নৃশংস এই হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা ।

Leave Your Comments