গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টার মধ্যে ছাত্রদল নেতা বহিষ্কার

Date: 2026-03-30
news-banner

গণভোটের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যেই লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসানকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে তার সঙ্গে দলের অন্যান্য নেতাকর্মীদের যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে “MD Rakibull Hasan” নামের একটি ফেসবুক আইডি থেকে “টালবাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করেন” শীর্ষক একটি পোস্ট দেওয়া হয়। পোস্ট দেওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যেই জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর খানের অনুমোদনে তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ জারি করা হয়।

রাকিবুল হাসান দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিশেষ করে জুলাইয়ের আন্দোলনে জেলা শহর ও আদিতমারীতে তিনি সামনের সারিতে সক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়া ২০২২ সালে বিএনপির আন্দোলনে অংশ নিয়ে হামলার শিকার হওয়ার ঘটনাও রয়েছে বলে জানা গেছে।

Leave Your Comments