খুলনায় গয়েশ্বরের অবস্থান নেয়া বাড়িতে পুলিশী তল্লাশি

Date: 2022-10-21
news-banner



এস,এম, দ্বীন ইসলাম (খুলনা প্রতিনিধি )

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন, খুলনায় দলটির এক নেতার বাড়িতে সাদা পোশাকে এসে পুলিশ তল্লাশি চালিয়ে ১০-১২ জন নেতাকর্মীকে তুলে নিয়ে গেছে।

বিএনপির সিনিয়র এ  নেতা বলেন, নেতাকর্মীদের ভয় দেখাতেই এভাবে বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। সরকারের এ ধরনের কর্মকাণ্ডে বিএনপি নেতাকর্মীরা ভীত নয়। যেকোনো মূল্যে খুলনার সমাবেশ সর্বাত্মকভাবে সফল করা হবে।  

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, গয়েশ্বর চন্দ্র রায় খুলনার গণসমাবেশে সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষ করে তিনি বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী খায়রুজ্জামান শিপনের বাসভবনে যান। বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা তার স্বাক্ষাত করতে গেলে পুলিশ অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে।

নগরীর সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক বলেন, বিভিন্ন স্থানে ওয়ারেন্টের আসামি ধরা হচ্ছে। কোন এলাকা থেকে কাকে ধরা হয়েছে, সকালে বলতে পারবো।

আগামী শনিবার খুলনায় আয়োজিত বিএনপির গণসমাবেশে যোগ দিতে এদিন দুপুরে ঢাকা থেকে নগরীতে যান গয়েশ্বর চন্দ্র রায়। খুলনার সোনাডাঙ্গা ক্রস রোড পশ্চিম বানিয়া খামারে বিএনপির এক নেতার বাড়িতে অবস্থান করছেন তিনি। রাতে সেই বাড়িতে তল্লাশি হয়েছে।

Leave Your Comments