দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ মূল্য আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের এই নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩৩ হাজার ৫৭১ টাকায়। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৬৩ হাজার ৬২ টাকায়।
এর আগে গত শনিবার (২৮ মার্চ) বিকেলে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি এবং স্থানীয় বাজারে কাঁচা স্বর্ণের দামের ঊর্ধ্বগতির প্রভাবেই দেশে স্বর্ণের দাম ধারাবাহিকভাবে বাড়ছে।