এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৭ জুন

Date: 2026-03-31
news-banner

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হবে। সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক সভায় শিক্ষা বোর্ডগুলো এইচএসসি পরীক্ষা জুনের প্রথমার্ধে নেওয়ার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

অন্যদিকে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতোমধ্যে ১১ দফা নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্র পরিচালনায় কোনো ধরনের অবহেলা বা গাফিলতি সহ্য করা হবে না। কোনো অনিয়ম বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত প্রস্তুতি ও কঠোর নজরদারির মাধ্যমে এবারও পাবলিক পরীক্ষাগুলো সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

Leave Your Comments