লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, আরও ৪ ইসরায়েলি সেনা নিহত

Date: 2026-03-31
news-banner

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ঘিরে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে নতুন করে আরও চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।

মঙ্গলবার (৩১ মার্চ) আইডিএফ জানায়, এই সংঘর্ষে আরও দুইজন সেনা আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের বয়স ২১ বছর এবং একজনের বয়স ২২ বছর। চতুর্থ সেনার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত তিন সেনার পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন— ক্যাপ্টেন নোয়াম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) এবং স্টাফ সার্জেন্ট ম্যাকসিম এন্টিস (২১)। তারা সবাই নাহাল ব্রিগেডের রিকনেসান্স ইউনিটে কর্মরত ছিলেন।

আইডিএফের প্রাথমিক তদন্তে জানা গেছে, দক্ষিণ লেবাননের পশ্চিমাঞ্চলে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনারা হিজবুল্লাহর একটি সশস্ত্র দলের অবস্থান শনাক্ত করে। পরে কাছাকাছি দূরত্বে উভয় পক্ষের মধ্যে তীব্র গুলিবিনিময় হয়। এ সময় কয়েকজন সেনা আহত হন।

আহতদের সরিয়ে নেওয়ার সময় হিজবুল্লাহর পক্ষ থেকে একটি অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। যদিও এতে অতিরিক্ত হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে আইডিএফ। পরে ইসরায়েলি বাহিনী ট্যাংক গোলাবর্ষণ ও বিমান হামলার মাধ্যমে পাল্টা আক্রমণ চালায়।

রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক এই সংঘর্ষে নিহতের সংখ্যা বাড়ায় গত এক মাসে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের মোট প্রাণহানি অন্তত ১০ জনে দাঁড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, সীমান্ত এলাকায় উত্তেজনা বাড়তে থাকায় বৃহত্তর সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে।

Leave Your Comments