তেলের দাবিতে গাইবান্ধায় মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধ

Date: 2026-03-31
news-banner


গাইবান্ধায় তিন দিন ধরে জ্বালানি তেল না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল চালক। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে তারা গাইবান্ধা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি করতে হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, স্থানীয় রহমান অ্যান্ড পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ইঞ্জিন নষ্ট হওয়ার অজুহাত দেখিয়ে দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চালকদের জ্বালানি তেল দিচ্ছে না। এ কারণে তারা সোমবার (৩০ মার্চ) রাত থেকে পাম্পের সামনে অবস্থান নেন। কোনো সমাধান না পাওয়ায় তারা মঙ্গলবার সকালে সড়ক অবরোধে বাধ্য হন।

অন্যদিকে, দেশে জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে সরকার ব্যাপক পরিমাণ তেল উদ্ধার ও আইনগত ব্যবস্থা নিয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, ৩ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত সারাদেশে ৩ হাজার ১৬৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে মোট ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত তেলের মধ্যে সবচেয়ে বেশি ছিল ডিজেল (১ লাখ ৩৯ হাজার ৯৬৫ লিটার)। এছাড়া ২২ হাজার ৫৩৯ লিটার অকটেন এবং ৪৬ হাজার ১৪৬ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। একই সময়ে অবৈধ মজুদের সঙ্গে জড়িত ১ হাজার ৫৩টি মামলা দায়ের করা হয়েছে, ১৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মোট ৭৫ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এসব তথ্য প্রকাশ করেন। তিনি জানান, অবৈধ মজুদ ও পাচার রোধে সরকারের অভিযান চলমান থাকবে এবং জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরাতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক তেলের বাজার পরিস্থিতি বিবেচনা করে দেশে আবারও জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত মাসিক মূল্য সমন্বয় নীতির অংশ হিসেবে মঙ্গলবার (৩১ মার্চ) নতুন দাম নির্ধারণ করা হবে। সরকারি কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দামের পরিবর্তন অনুযায়ী দেশীয় বাজারে সমন্বয় করা হচ্ছে, যাতে আমদানি ব্যয় ও বাজার ব্যবস্থাপনায় ভারসাম্য বজায় থাকে।

সরকারের এই পদক্ষেপকে জ্বালানি খাতে আরও স্বচ্ছ ও পূর্বানুমেয় নীতি কাঠামো তৈরির অংশ হিসেবে দেখা হচ্ছে।

Leave Your Comments