দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা

Date: 2026-03-31
news-banner

বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়ায় ফিলিং স্টেশনগুলো রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ রাখতে চায়। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১২টায় রাজধানীর মগবাজারে জ্বালানি তেল সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।

সভায় পাম্প মালিকরা জানান, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সরবরাহ ও পরিবহন ব্যবস্থাপনা। অনেক সময় ট্যাংকার পুরোপুরি ভর্তি না করে আংশিক লোড পাঠানো হয়, যা পরিবহন খরচ বৃদ্ধি করে এবং ব্যবসায়িক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এ জন্য তারা চেম্বার পূর্ণ করে তেল সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

এছাড়া একই জেলার একাধিক পাম্পে একসঙ্গে সরবরাহের ক্ষেত্রে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও সভায় উল্লেখ করা হয়। পাম্প মালিকরা অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে অননুমোদিতভাবে তেল বিক্রি বা মজুত করার ঘটনা ঘটতে পারে, তবে তা পুরো খাতের প্রতিনিধিত্ব করে না। তারা দাবি করেন, যদি কোনো পাম্প তেল থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখে, সেটি অপরাধ হিসেবে গণ্য হওয়া উচিত এবং এর জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রমাণ সাপেক্ষে সংশ্লিষ্ট পাম্পের ডিলারশিপ বাতিলের জন্য সরকারকে সহযোগিতা করবে সংগঠন।

সংগঠনটি আশা প্রকাশ করেছে, এই পদক্ষেপের মাধ্যমে তেল সরবরাহ আরও কার্যকর এবং পরিবহন ব্যয় কমানো সম্ভব হবে।

Leave Your Comments