নিজস্ব প্রতিনিধি :
নোয়াখালীর দুটি পৃথক মামলায় এক গৃহবধূ হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন ও এক শিশুকে ধর্ষণ চেষ্টার দায়ে যুবককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. খোরশেদুল আলম সিকদার এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের শাহানারা বেগম নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেন তার স্বামী গোলাম সারোয়ার। ঘটনার দিন, ৩ জানুয়ারি ভোররাতে শাহানারা নামাজরত অবস্থায় ছিলেন। গোলাম সারোয়ার পেছন থেকে গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে পালিয়ে যান। নিহতের বাবা রুহুল আমিন কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত গোলাম সারোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
অপর মামলায়, বেগমগঞ্জ উপজেলার করিমপুর এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বরকত উল্লাহ নামে এক যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পিপি মো. সেলিম শাহীন জানান, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন। এর মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার পেয়েছে।