চাঁদপুরে হামে আক্রান্ত ৩ শিশুর মৃত্যু, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

Date: 2026-03-31
news-banner

চাঁদপুরে হামের প্রকোপ উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। জেলায় এ পর্যন্ত অন্তত ২৮ শিশুকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে ৩ শিশুর মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে সর্বাধিক ২২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাজীগঞ্জ ও মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রত্যেকে ৩ জন শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিদিনই নতুন করে জ্বর, সর্দি ও কাশিসহ উপসর্গ নিয়ে শিশু রোগীদের আগমন বাড়ছে।

চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে সরেজমিনে দেখা গেছে, রোগীর চাপ বেড়ে যাওয়ায় বেড সংকট তৈরি হয়েছে। হাম আক্রান্ত শিশুদের জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ড খোলা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে অনেক শিশু ফ্লোরে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। শিশুদের পরিচ্ছন্নতা বজায় রাখা, পুষ্টিকর খাবার নিশ্চিত করা এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের লাকি জানান, তার শিশুর দুই দিন ধরে পুরো শরীরে হামের ফুসকুড়ি এবং জ্বর, কাশি, চোখ দিয়ে পানি পড়ার উপসর্গ দেখা দিয়েছে। ডাক্তাররা বলেছেন, হাসপাতালে চিকিৎসা নিলে শিশু সুস্থ হবে।

শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আজিজুর রহমান জানান, গত এক সপ্তাহে ৫০ শিশুর কেস নিয়ে কাজ করেছেন। গুরুতর অবস্থার রোগীদের হাসপাতালে ভর্তি রাখা হয়, যেখানে আলাদা আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। হামের প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে উচ্চ জ্বর, চোখ লাল হওয়া, কাশি এবং শরীরে লালচে ফুসকুড়ি। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

Leave Your Comments