আল-আকসা মসজিদসহ অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র উপাসনালয়গুলোতে ধর্মীয় আচার পালন করতে ইসরায়েলের বিধিনিষেধের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। সোমবার (৩০ মার্চ) জারি করা যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ইসরায়েল মুসলিম ও খ্রিস্টানদের ওপর বিধিনিষেধ আরোপ করছে, যা ধর্মীয় স্বাধীনতা হরণ করছে এবং অঞ্চলের স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলছে। বিশেষভাবে টানা ৩১ দিন ধরে মসজিদুল আকসার গেটগুলো মুসল্লিদের জন্য বন্ধ রাখার বিষয়টি নিন্দা জানানো হয়েছে।
মন্ত্রীরা পুনর্ব্যক্ত করেছেন, ১৪৪ একর আয়তনের পুরো মসজিদুল আকসা প্রাঙ্গণ শুধুমাত্র মুসলমানদের ইবাদতের জায়গা। জর্ডানের আওকাফ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘জেরুজালেম আওকাফ ও আল-আকসাবিষয়ক বিভাগ’ এই পবিত্র স্থানের একমাত্র বৈধ কর্তৃপক্ষ।
বিবৃতিতে ইসরায়েলের বর্তমান কার্যক্রমকে আন্তর্জাতিক মানবিক আইন ও ঐতিহাসিক চুক্তিসমূহের প্রকাশ্য লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। মুসলিম ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনালয়ে অবাধ প্রবেশাধিকার খর্ব করার বিষয়েও তীব্র সমালোচনা করা হয়েছে।
সঙ্গে সাথে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ‘চার্চ অব দ্য হোলি সেপালকার’-এ যাওয়ার ওপর বাধার বিষয়েও নিন্দা জানানো হয়েছে। যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জেরুজালেমে পবিত্র স্থানগুলো রক্ষা এবং ইসরায়েলের অবৈধ কার্যকলাপ বন্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয়েছে।