হরমুজ প্রণালিতে আটকেপড়া বাংলাদেশি জাহাজ পার হওয়ার অনুম‌তি দিয়েছে ইরান

Date: 2026-04-01
news-banner

হরমুজ প্রণালিতে আটকেপড়া বাংলাদেশের জাহাজগুলো পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। ঢাকায় ইরানের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী

রাষ্ট্রদূত বলেন, হরমুজ প্রণালিতে অবস্থানরত বাংলাদেশি জাহাজগুলোর বিস্তারিত তথ্য সংগ্রহ করে তেহরানে পাঠানো হয়েছে। তিনি আশ্বস্ত করেন, এসব জাহাজের কোনো সমস্যা হবে না। ইতোমধ্যে ৬টি বাংলাদেশি জাহাজ দেশে ফিরিয়ে আনার বিষয়ে উভয় পক্ষ কাজ করছে

সংবাদ সম্মেলনে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে তিনি বলেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা হয়নি। তার অভিযোগ, যুদ্ধের মাধ্যমে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন নিজেদের প্রস্তাবের মাধ্যমে তা বাস্তবায়নের চেষ্টা করছে।

ইরান যুদ্ধের পক্ষে নয় উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, তেহরান এমন সমাধান চায় যাতে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়। এ লক্ষ্যে পাকিস্তান, তুরস্কসহ মুসলিম বিশ্বের যেসব দেশ যুদ্ধ বন্ধে আলোচনায় আগ্রহী, তাদের উদ্যোগকে স্বাগত জানায় ইরান।

বাংলাদেশের জ্বালানি পরিস্থিতির কথাও তুলে ধরেন তিনি। রাষ্ট্রদূত বলেন, দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের চিত্র তেহরানে পাঠানো হয়েছে, যাতে ইরান পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করতে পারে।

যুক্তরাষ্ট্রের সমালোচনা করে তিনি বলেন, অস্ত্র ও অর্থের ঘাটতি দেখা দিলে ওয়াশিংটন ভিন্ন কৌশল নেয় এবং চাপ প্রয়োগের মাধ্যমে প্রতিপক্ষকে নতিস্বীকার করাতে চায়। একই সঙ্গে তিনি জাতিসংঘ সনদ লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা প্রত্যাশা করেন।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি থাকার বিষয়েও প্রশ্ন তোলেন ইরানের রাষ্ট্রদূত। ফিলিস্তিনের পরিস্থিতি উল্লেখ করে তিনি দাবি করেন, ইসরায়েলের হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এছাড়া, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাঠামো ও একক ক্ষমতা পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন রাষ্ট্রদূত। তিনি বলেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিতে কেবল আন্তর্জাতিক সংস্থার ওপর নির্ভর করার সময় শেষ—এ বিষয়ে ইরান ইতোমধ্যে শিক্ষা নিয়েছে।

Leave Your Comments