জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ

Date: 2026-04-01
news-banner

সরবরাহ সংকটের কারণে জ্বালানি খাতে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরে দেশটির জ্বালানি সচিব ক্রিস রাইট-এর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সময় তিনি এ সহায়তা কামনা করেন।

বৈঠকে মার্কিন জ্বালানি সচিব বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন এবং বিষয়টি বিবেচনার কথা জানান। বুধবার (১ এপ্রিল) ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটায় বাংলাদেশ বর্তমানে জ্বালানি খাতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এ পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

জবাবে মার্কিন জ্বালানি সচিব বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তারা অবগত এবং এই কঠিন সময়ে বাংলাদেশকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

Leave Your Comments