ইরান-ইসরায়েল সংঘাতে চরম ঝুঁকিতে প্রবাসী শ্রমিকরা: হিউম্যান রাইটস ওয়াচ

Date: 2026-04-01
news-banner

আঞ্চলিক সংঘাতের কারণে উপসাগরীয় দেশগুলোতে বাংলাদেশিসহ অভিবাসী শ্রমিকরা অতিরিক্ত ঝুঁকির মুখে পড়ছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (HRW)

সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের মার্চ মাসে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ৩৮ জন ভারতীয়, নেপালি ও বাংলাদেশি অভিবাসী শ্রমিকের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এদের মধ্যে চালক, ডেলিভারি কর্মী, নিরাপত্তাকর্মী, রাঁধুনি ও পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলমান সংঘাতের কারণে নিয়মিত কর্মক্ষেত্রের ঝুঁকির পাশাপাশি নতুন নিরাপত্তা হুমকির মুখে পড়েছেন এসব শ্রমিক। সংস্থাটি সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে নিহত বাংলাদেশিদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছে।

উপসাগরীয় অঞ্চলের অর্থনীতি সচল রাখতে অভিবাসী শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বর্তমানে আয় হ্রাস, ব্যয় বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষার অভাবে অনেকেই দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন।

হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের উপ-পরিচালক মাইকেল পেজ বলেন, সংঘাতের মধ্যে অভিবাসী শ্রমিকরা শারীরিক নিরাপত্তা ও চাকরির সুরক্ষার বড় ধরনের ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। একই সঙ্গে কাফালা (পৃষ্ঠপোষকতা) ব্যবস্থার সীমাবদ্ধতাও এ পরিস্থিতিতে স্পষ্ট হয়ে উঠেছে।

প্রতিবেদনে উপসাগরীয় দেশগুলোর প্রতি শ্রমিকদের সুরক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে আয় হ্রাস মোকাবিলা, প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদান, ন্যূনতম জীবনযাত্রার উপযোগী মজুরি নিশ্চিত করা, চুক্তির শর্ত বাস্তবায়ন এবং সামাজিক সুরক্ষা জোরদার করা।

এছাড়া, নিজ দেশে ফিরতে ইচ্ছুক শ্রমিকদের জন্য বিমান ভাড়ায় সহায়তা বা সাশ্রয়ী ফ্লাইটের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট দেশগুলোর সরকার ও বিমান সংস্থাগুলোর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Leave Your Comments