বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায় দক্ষিণ কোরিয়া

Date: 2026-04-01
news-banner

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শিগগিরই একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (Economic Partnership Agreement - EPA) সই হতে যাচ্ছে। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক মুক্ত বাণিজ্যের গণ্ডি ছাড়িয়ে সেবা খাত, বিনিয়োগ ও শিল্প সহযোগিতায় বিস্তৃত হবে।

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির গণকূটনীতি বিষয়ক উপমন্ত্রী লিম সাং উ এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি গত পাঁচ দশকে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে অবকাঠামো উন্নয়ন, বস্ত্র, ইলেকট্রনিক্স, অটোমোবাইল খাত এবং জনগণের পারস্পরিক যোগাযোগে ধারাবাহিক সহযোগিতার কথা তুলে ধরেন।

রাষ্ট্রদূত আরও বলেন, নবনির্বাচিত সরকার আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় সামাজিক সম্প্রীতি, সুশাসন, নিয়মভিত্তিক ব্যবস্থা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে দেশকে উন্নয়নের পরবর্তী ধাপে নিয়ে যেতে কাজ করছে।

অনুষ্ঠানে বাংলাদেশি ও কোরিয়ান শিল্পীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে দেশাত্মবোধক কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করা হয়। এছাড়া অতিথিদের জন্য পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী বাংলাদেশি ও কোরিয়ান খাবার।

Leave Your Comments