জলঢাকা প্রতিবেদকঃ
নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রেমের সম্পর্ক, কোর্ট ম্যারেজ ও পরবর্তী ঘটনায় নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ হুজুর আলীর মেয়ে নাহিদা আক্তারের পরিবার সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোছাঃ নাহিদা আক্তার (২০) বলেন , একই ওয়ার্ডের টেংগনমারী সবুজপাড়া এলাকার মোঃ জাহিনুর রহমানের ছেলে মোঃ বিপ্লব হোসেনের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় এক মাস আগে তাদের কোর্ট ম্যারেজ সম্পন্ন হয় বলে তিনি দাবি করেন। কোর্ট ম্যারেজের পর তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।
নাহিদা আক্তার অভিযোগ করেন, গত ১৯ মার্চ (বৃহস্পতিবার) রাতে বিপ্লব তার বাড়িতে এসে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান। এ সময় তার মা বিষয়টি দেখে ফেলেন। পরবর্তীতে ঈদের পর আনুষ্ঠানিক বিয়ের কথা থাকলেও সেদিনই নাহিদা আক্তার বিপ্লব কে বিয়ে সম্পন্ন করার কথা বলেন। এমতাবস্থায় বিপ্লব ভুক্তভোগী নাহিদার বাসা থেকে কৌশলে পালিয়ে যায় ।
তিনি আরও বলেন , পরে তিনি বিপ্লবের বাড়িতে গেলে সেখানে তাকে অপমান করা হয়। বিপ্লবের বাবা-মা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করেন তিনি। এছাড়া বিপ্লবের ভগ্নিপতি আতিকুল ইসলাম তাকে শারীরিকভাবে হেনস্তা করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন এবং গেটে তালা লাগিয়ে দেন।
সংবাদ সম্মেলনে নাহিদার মা শেরীনা বেগম বলেন, “আমার মেয়ের সঙ্গে প্রতারণা ও নির্যাতন করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।” তিনি আরও জানান, এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।