শেরপুরে স্টিলের ট্যাংক থেকে নারীর লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

Date: 2026-04-01
news-banner

পুলক রায়,শেরপুরঃ

শেরপুরের শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে রাখা একটি স্টিলের ট্যাংকের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) দুপুরে শহরের তাঁতিহাটি নয়াপাড়া ঢালিবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই রাস্তার পাশে একটি পরিত্যক্ত ট্যাংক পড়ে থাকতে দেখা যায়। দীর্ঘ সময় ধরে সেটি একই স্থানে পড়ে থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। পরে ট্যাংকটির ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকের তালা ভেঙে ভেতর থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীর হাত-পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তাকে হত্যা করে দুর্বৃত্তরা মরদেহটি ট্যাংকের ভেতরে রেখে রাতের আঁধারে সেখানে ফেলে যায়।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এর আগে গত ২০ মার্চ শেরপুর শহরের মোবারকপুর এলাকায় একটি কলাবাগান থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। তবে সেই ঘটনারও এখন পর্যন্ত কোনো পরিচয় বা হত্যার কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ।

Leave Your Comments