ইহুদি ধর্মীয় উৎসব পাসওভারের সময়কে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েল আশঙ্কা করছে, এই সময়ে ইরান ও তাদের মিত্ররা হামলা আরও জোরদার করতে পারে। কয়েক ঘণ্টার শান্তির পর হঠাৎ ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার মাত্রা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বুধবার (১ এপ্রিল) সকালে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তৃতীয় দফায় সাইরেন বাজতে শুরু করে। তেল আবিবের পূর্বে বনেই ব্রাক এলাকায় ১১টি ভিন্ন স্থানে শেল ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। এতে এক কিশোরী মাঝারি থেকে গুরুতর আহত হয়েছে। এই সময় প্রদেশের প্রায় সর্বত্র সাইরেন বাজানো হয়েছে, সতর্ক করা হয় যে ইরান থেকে ক্ষেপণাস্ত্র এবং হিজবুল্লাহর রকেট হামলা হচ্ছে।
হামলার সময় ক্লাস্টার মিউনিশন বা খণ্ডিত বিস্ফোরক ব্যবহারের তথ্য পাওয়া গেছে। এসব অস্ত্র মাঝপথে ভেঙে একাধিক স্থানে বিস্ফোরণ ঘটাতে পারে এবং প্রতিহত হলেও বিস্ফোরণ ঘটানোর ঝুঁকি থাকে।
ইসরায়েলি কর্তৃপক্ষ আশঙ্কা করছে, আগামী দিন ও রাত আরও কঠিন হতে পারে। কারণ এটি পাসওভারের ঠিক আগে, এবং কয়েক ঘণ্টার শান্তির পর হঠাৎ হামলার তীব্রতা বেড়ে যাওয়ায় শঙ্কা আরও প্রকট হয়েছে।