মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা ‘কোরবানির ঈদ’ আসন্ন। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, এবার ঈদকে কেন্দ্র করে দেশটির বাসিন্দারা টানা প্রায় ছয় দিনের দীর্ঘ ছুটি উপভোগ করতে পারেন।
সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, আগামী ২৬ মে (মঙ্গলবার) আরাফাত দিবস উদযাপিত হতে পারে। এর পরের দিন ২৭ মে (বুধবার) ঈদুল আজহা পালিত হবে এবং তৃতীয় দিন ২৯ মে (শুক্রবার) পর্যন্ত চলতে পারে। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে এই ছুটি টানা ছয় দিনে গড়ে উঠতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।
ঈদুল আজহা ইসলামি বর্ষপঞ্জির ১২তম মাসে পালিত হয়। এটি ‘ত্যাগের উৎসব’ হিসেবে পরিচিত, যেখানে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর আদেশ অনুযায়ী নিজের সন্তানকে কোরবানি দিতে চেয়েছিলেন। মুসল্লিরা পশু জবাই করে কোরবানি দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে উৎসব পালন করেন।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপিত হয়। সুতরাং বাংলাদেশে এই বছর ঈদুল আজহা পড়তে পারে ২৮ মে।